`ঈশ্বর কণা'র অপেক্ষা ফুরাচ্ছে! (ভিডিও)
অনেক দিন ধরেই গবেষকেরা হিগস বোসন বা ঈশ্বর কণার খোঁজ করছেন। কিন্তু এই কণার অস্তিত্ব আছে কি-নেই তা নিয়ে অপেক্ষা ফুরায়নি। এই কণার সন্ধান জানতে জেনেভায় লার্জ হ্যাড্রন কোলাইডার বসানো হয়েছে। নিউক্লিয়ার গবেষণার ক্ষেত্রে ইউরোপের সংস্থা সার্ন গবেষণা করছে। কিন্তু কবে মিলবে এর খোঁজ? রয়টার্স জানিয়েছে, ঈশ্বর কণার অস্তিত্ব সম্পর্কে তথ্য দিতে শিগগিরই মুখ খুলবেন সার্নের গবেষকেরা। ৪ জুলাই সার্নের গবেষকেরা হিগস বোসন কণা সম্পর্কে কতোটুকু জানতে পেরেছেন তা জানাবেন। গবেষকেরা আশা করছেন, ৪ জুলাই হতে পারে সেই মাহেন্দ্রক্ষণ। কারণ এদিন হিগস বোসন কণার অস্তিত্ব রয়েছে-এমন ঘোষণা আসতে পারে গবেষকদের কাছ থেকে। এক হাজার কোটি ডলার ব্যয়ে সুইস-ফ্রেঞ্চ সীমান্তে মাটির নীচে অবস্থিত লার্জ হ্যাড্রন কোলাইডারে যে বিগ ব্যাং ঘটানো হয়েছে, এর ফল বিশ্লেষণ করে এ কণার অসি্তত্ব পাওয়া যাবে বলে গবেষকরা কাজ করছেন । এর আগে ২০১১ সালের ডিসেম্বর মাসে হিগস বোসন কণার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সার্নের গবেষকেরা। তবে এবারে তাঁরা আশাবাদী।স্কটল্যান্ডের পদার্থবিজ্ঞানী পিটার হিগস এর নামে নামকরণ করা হিগস বোসন কণাটি এখনো অনাবিষ্কৃত। তিনি ১৯৬৪ সালে শক্তি হিসাবে এমন একটি কণার ধারণা দেন, যা বস্তুর ভর সৃষ্টি করে। এর ফলে এই মহাবিশ্ব সৃষ্টি সম্ভব হয়। এ কণাটিই ঈশ্বর কণা নামে পরিচিতি পায়।কীভাবে পদার্থ তৈরি হয়, বিষয়টি জানতে এই কণার খোঁজ জেনেভার কাছে ভূগর্ভে ২০১০ সালে মিনি বিগ ব্যাং ঘটিয়েছিলেন গবেষকরা।